# Tags

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, শতভাগ স্বচ্ছতা চাই -দোহারে ৪ খালের খনন কাজ পরিদর্শনে এমপি আবু আশফাক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চলমান খাল খনন ও পুনরুদ্ধার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। শুক্রবার (১৫ মে) বিকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল থেকে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক উপজেলার রাইপাড়া, বালুঘাটা, পালামগঞ্জ এবং কুসুমহাটির নয়ানগর-ইমামনগর খালের খনন কাজের বর্তমান অবস্থা ও অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় তিনি কাজের গুণগত মান খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের নানা সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে কাজের ধীরগতি ও খালের জমি দখল নিয়ে সংশ্লিষ্টদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি উপস্থিত সরকারি কর্মকর্তা, প্রকৌশলী ও ঠিকাদারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, দখল হওয়া খাল উদ্ধারের বিষয়ে কোনো ধরনের আপস বা রাজনৈতিক প্রভাব বিবেচনা করা যাবে না। যারা খাল দখল করে পানি চলাচলের পথ বন্ধ করেছে, তাদের দ্রুত উচ্ছেদ করতে হবে। যেকোনো মূল্যে এই খাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, যেন এলাকার মানুষ দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারভুক্ত এই প্রকল্প। দেশের পরিবেশ রক্ষা ও কৃষির উন্নয়নে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাই এই প্রকল্প বাস্তবায়নে শতভাগ মনোযোগী হয়ে, কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির আশ্রয় না নিয়ে, নির্ধারিত সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে কাজ সম্পন্ন করতে হবে।

এ সময় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন, খনন কাজ শেষ হলে এলাকার কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি বর্ষা মৌসুমে ঘরবাড়ি প্লাবিত হওয়ার হাত থেকেও রক্ষা পাবেন। তিনি এই উন্নয়ন কর্মকাণ্ডে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।

পরিদর্শনকালে স্থানীয় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।